preloader_image

Notice Details

  1. Home Notice Details

প্রেস বিজ্ঞপ্তি

By Abdul Kader Chowdhury | 05-Nov-2026
Download Notice

প্রেস বিজ্ঞপ্তি

গত ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাতে ঢাকার লালমাটিয়া, মোহাম্মদপুরে অবস্থিত সিটি হাসপাতাল লিঃ-এ একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাঙচুর করেছে। একই দিন মঙ্গলবার রাতে খুলনার শামসুর রহমান রোডে অবস্থিত আব্দুল্লাহ ডায়াগনস্টিকে হামলা ও ভাঙচুরের অনুরূপ ঘটনা সংঘটিত হয়।

উপরোক্ত দুটি অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর মাননীয় সভাপতি ডা: মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডানেল ও মহাসচিব ডা: এ এম শামীম এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।

আমরা আশা করি, তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বিপিএইচসিডিএ বিশ্বাস করে—রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখতে হবে। তাছাড়া স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুরূপ হামলার পুনরাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(ডা: আরিফ মাহমুদ)

অফিস সেক্রেটারি

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫।